খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫
নরসিংদী সদরে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক দুই ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় আহত হয়েছেন এক অতিরিক্ত পুলিশ সুপার।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের আরশীনগর মোড়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানান আহত নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধারের জন্য যান। সেখান থেকে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা আরশীনগর মোড়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা তুলতে দেখেন। এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করলে পেছন থেকে চাঁদা আদায়কারীসহ ৪০-৫০ জন সংঘবদ্ধভাবে হামলা চালায়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানা কবির বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁর ঘাড়ে, পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি এবং তাঁকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে।’
এদিকে অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। পৌরসভার নিয়মনীতি ও বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দেয়। এ সময় তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি।’
আহত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘চাঁদা আদায় বন্ধে আমি সোচ্চার থাকায় ক্ষোভ থেকেই শুধু আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। সেটা হামলার ধরন থেকে বুঝতে পেরেছি। এ সময় অন্য কোনো পুলিশ সদস্যের ওপর হামলা হয়নি। সবার ওপর হামলা করার মতো বড় কোনো পরিস্থিতিও সৃষ্টি হয়নি।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ বলেন, ‘এটা তেমন কিছু না। পুলিশ ওই দিক দিয়ে যাচ্ছিল। এ সময় দুই ব্যক্তি রাস্তার ওপর দাঁড়িয়ে টোল আদায় করছিলেন। তখন তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ৩০-৪০ লোক এসে ওই দুজনকে নিয়ে গেছেন। এ সময় তাঁকে (আনোয়ার হোসেন) ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান। হামলা না, তাঁর কাছ থেকে ওদের (আটক দুজন) ছিনিয়ে নেওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। এ ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি।’
খবরওয়ালা/এসআর