খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫
কুষ্টিয়া ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত শিক্ষাবিদ, বিশিষ্ট লোকবিজ্ঞানী ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. আনোয়ারুল করিম ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ড. আনোয়ারুল করিম বাংলাদেশের লোকসংস্কৃতি গবেষণায় অনন্য অবদান রেখেছেন। তিনি ব্যক্তিগত জীবনে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং স্কলার, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ফোকলোর ও লালন গবেষক ছিলেন।
তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।
পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া সরকারী কলেজের মাঠে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
খবরওয়ালা/এন