খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। ১ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল আহসান সোহাগ ও তার আপন মামা যুবলীগ কর্মী রেজভী মুন্সীকে পাশাপাশি বসে ইয়াবা সেবন করতে দেখা যায়।
ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমাতপুরে রিপোটার্স ইউনিটির পরিত্যক্ত ভবনে। ভিডিওতে ধরা পড়া বিষয়টি স্বীকারও করেছেন সোহাগ। এ ছাড়াও গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে দখল ও লুটপাটের অভিযোগ রয়েছে।
রহমাতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন শামীম বলেন, ‘ভিডিওতে দেখা যায়, সোহাগ ও তার মামা রেজভী ইয়াবা সেবন করছেন। সোহাগ দুই বছর আগে আমার বাস কাউন্টারের পাশের একটি স্টল দখল করে নেয়। ওই দোকানটি সে তার মামার কাছ থেকে চুক্তির মাধ্যমে কিনেছিল। ৫ আগস্টের পর সোহাগ ও তার সহযোগীরা ১০ থেকে ১২টি দোকান দখল করেছে।’
তিনি আরও অভিযোগ করেন, বরিশাল-ঢাকা মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতির প্রায় এক লাখ ইট লুটপাট এবং বাবুগঞ্জের এক ঠিকাদারের বিটুমিন ছিনতাইয়ের সঙ্গে সোহাগ জড়িত।
ইয়াবা সেবন প্রসঙ্গে সোহাগ বলেন, ‘বাঁচার জন্য মানুষের সঙ্গে কখন কোথায় কী করেছি জানি না। নিরিবিলি থাকলে সেবন করতেই পারি। ভিডিওতে যেখানে বসে আছি, সেটা রিপোটার্স ইউনিটির পরিত্যক্ত অফিস। ওই জমিও আমার নানার। সেখানে আমি সিমেন্ট রেখেছি।’
তিনি আরও বলেন, ‘খায় না কে বলেন। একান্তে থাকলে খেতেই পারি।’ তার দাবি, ভিডিওটি এক থেকে দেড় মাস আগের।
স্টল দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘আমার বাবার কেনা জমি ১৭ বছর পরও খেতে দেব? আমাদের দোকান দখল করেছিল তারা।’
অন্যদিকে, সোহাগের মামা রেজভী মুন্সী জানান, ভাগনেকে নিয়ে সাংবাদিকদের অফিসে বসেছিলাম। কারা ভিডিও করেছে জানি না। আমাদের জমিতে দোকান বুঝে নিয়েছি, কোনো দখল করিনি।
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, রাজনীতির বাইরে সোহাগের সঙ্গে আমার কোনো সখ্যতা নেই। ভিডিওর বিষয় তার ব্যক্তিগত ব্যাপার। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কারও ব্যক্তিগত অপকর্ম দল বহন করবে না।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, স্বেচ্ছাসেবক দলের সোহাগ বিএনপির মূল স্রোতে নেই। আমরা অঙ্গ-সংগঠন নিয়ন্ত্রণ করি না। ভিডিওর ছবির ব্যক্তি সোহাগই।
খবরওয়ালা/শরিফ