প্রধান বিচারপতিও আদালত অবমাননার ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিও আদালত অবমাননার ঊর্ধ্বে নন।

শনিবার (৬ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা আইনজীবী সমিতির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতে গিয়ে ন্যায়বিচার না পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হলে এবং বিচারকের আচরণের কারণে জনগণের মধ্যে অনাস্থা দেখা দিলে সেই বিচারকও আদালত অবমাননার দায়ে দোষী হবেন। তিনি প্রশ্ন তোলেন, “আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়, বিচারকদের বিরুদ্ধে হবে না কেন?”

তিনি আরো বলেন, প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের সময়ই তিনি সতর্ক করেছিলেন যেন কোনো আইনজীবীকে অসম্মান না করা হয়। একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, প্রধান বিচারপতিও আদালত অবমাননার ঊর্ধ্বে নন।

আসাদুজ্জামান উদাহরণ টেনে বলেন, “খায়রুল হক, সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মানিকের মতো বিচারপতিরা দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি করেছিলেন। ভবিষ্যতে এমনটি হলে তাঁদেরও আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হতে হবে।”

সভায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের আইনজীবী-নেতারা।

এর আগে অ্যাটর্নি জেনারেল সুবর্ণচরে বাংলাদেশ কৃষি করপোরেশনের আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অংশ নেন। দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদের বাড়িতে মধ্যাহ্ন ভোজে যোগ দেন এবং বিকেলে কোম্পানীগঞ্জের মানিকপুরে ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।