প্রাথমিকে নতুন আরেকটি অধিদপ্তর করার সুপারিশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরও একটি নতুন অধিদপ্তর হচ্ছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে রূপান্তর করে হচ্ছে নতুন এই অধিদফতর। এর নাম প্রস্তাব করা হয়েছে ‘প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর’।

প্রস্তাবনায় বলা হয়, এই অধিদফতর প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও গবেষণা এবং সুপারিশ প্রণয়ন করবে। শুধু পরিবীক্ষণ ও মূল্যায়নই নয়, ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য ও বক্তব্য প্রচার করবে এই অধিদফতর। পূর্ণাঙ্গ একটি কার্যকর অধিদফতর হিসেবে প্রতিষ্ঠা পাওয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

‘প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর’-এর প্রস্তাবনা সম্পর্কে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান বলেন, ‘এটির প্রস্তাব করা হয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় চূড়ান্ত করবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের দাফতরিক স্ট্যাটাস নির্ধারণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভাসূত্রে জানা গেছে, কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের দাফতরিক স্ট্যাটাস ও কার্যক্রম নির্ধারণের বিষয়ে তিনটি বিকল্প প্রস্তাব বিবেচনার জন্য সুপারিশ করে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে বিদ্যমান কাঠামোতে রেখে জনবল সমন্বয়ের মাধ্যমে কার্যকর করা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের বিদ্যমান জনবলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবসৃষ্ট পরিবীক্ষণ ও সমন্বয় অনুবিভাগের সঙ্গে একীভূত করা এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ একটি অধিদফতরে রূপান্তর করা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।