প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলবে অর্থ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পাকিস্তান পরিবেশ সুরক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে। পাঞ্জাব প্রাদেশিক সরকার চালু করেছে ‘গ্রিন ক্রেডিট প্রোগ্রাম’, যার আওতায় প্লাস্টিক বোতল জমা দিলেই মিলবে অর্থ। এই উদ্যোগের মূল লক্ষ্য—প্লাস্টিক বর্জ্য কমানো, পুনর্ব্যবহার উৎসাহিত করা এবং সাধারণ মানুষকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

প্রকল্পটির আওতায় পাঞ্জাব সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে, যারা একবার ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহার করবে। এ কাজে চীনা প্রযুক্তির সহায়তায় স্থানীয়ভাবে তৈরি বিশেষ মেশিন আগামী মাসে লাহোরের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। পরবর্তী পর্যায়ে এই মেশিন শহরের বাজারগুলোতেও বসানো হবে।

এই মেশিন ব্যবহার করা খুবই সহজ—একটি বোতল ঢোকানোর পর একজন ব্যবহারকারী বোতাম ‘এ’ চাপবেন, মোবাইল নম্বর প্রবেশ করাবেন এবং তারপর বোতাম ‘বি’ চাপলেই স্ক্রিনে ‘গ্রিন ক্রেডিট’ দেখাবে। একই সঙ্গে এই ক্রেডিট মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গুলফাম আবিদ জানিয়েছেন, লাহোরে প্রতিদিন প্রায় ৫০০ টন প্লাস্টিক বোতলের বর্জ্য উৎপন্ন হয়। এই মেশিনগুলোর মাধ্যমে সেসব বোতল পুনর্ব্যবহার করে সড়কের ফুটপাত, ইট ও প্যাচওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, একটি মেশিনে যদি কেউ ২০টি দেড় লিটারের বোতল ও ৪০টি আধা লিটারের বোতল দেয়, তবে তার বিনিময়ে এক হাজার পর্যন্ত নগদ রুপি পাওয়া যাবে।

এই উদ্যোগে শুধু সাধারণ মানুষ নয়, লাহোরের ১৮ হাজার স্ক্র্যাপইয়ার্ড বা জঞ্জাল সংগ্রহকারীও উপকৃত হবে। তারা চাইলে মোবাইল অ্যাপ ব্যবহার করে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সংস্থাটি তাদের কাছ থেকে সরাসরি বোতল সংগ্রহ করবে। তথ্যসূত্র: জিও নিউজ

 

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।