খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সর্বজনীন শ্রী শ্রী কালী ও দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে পরিদর্শনে মন্দিরের কালীমূর্তির ডান হাতের কবজি, বাঘের মাথার চুলসহ চারটি দাঁত, শিবের গলায় পেঁচানো সাপের লেজ, যোগিনীর বাম হাতের অংশ, ডাকিনির দুটি দাঁতসহ অন্যান্য অংশ ভাঙা দেখা যায়।
মন্দিরের সামনের অংশটি খোলা এবং সেখানে কোনো ফটক, গ্রিল বা আচ্ছাদনের ব্যবস্থা নেই, ফলে মন্দিরটি অরক্ষিত অবস্থায় ছিল। মন্দিরে সিসি ক্যামেরারও কোনো ব্যবস্থা নেই। স্থানীয় বাসিন্দাদের মতে, মন্দিরটি অন্তত ৫০-৬০ বছর পুরনো।
মন্দির কমিটির সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, গতকাল সন্ধ্যায় পূজারি বাড়ি চলে যাওয়ার পর রাত ১০টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়। আজ সকাল ৬টার দিকে ওই এলাকার বাসিন্দা ভজন শীল মন্দিরে এসে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রতিমাগুলো পুনরায় তৈরি করার জন্য প্রতিমা নির্মাণশিল্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর খরচ জেলা পুলিশ বহন করবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
খবরওয়ালা/আরডি