খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই আগস্ট ২০২৬, ১:৫৪ এএম
রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো ও দখলকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংঘটিত এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঢাকা-মিরপুর সড়কে সাময়িক যানবাহন চলাচল ব্যাহত হয়।
নিউমার্কেট থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের অনুসারীরা সেখানে একটি দোকান বসান। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ওই দোকান তুলে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা ও রামদা নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
এই সংঘাতের খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী নিউমার্কেটের প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন বসুন্ধরা গলিতে চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালান এবং ভাঙচুর করেন। এরপর উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন শিকদার, আহ্বায়ক সদস্য সাগর খানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে যুবদলের ওপর সরাসরি হামলার অভিযোগ তুলে দাবি করা হয়, তাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, যুবদল নেতা কে এম চঞ্চল হামলার অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং ঢাকা কলেজ ছাত্রদলের পরিচয়ে কিছু বহিরাগত সন্ত্রাসী যুবদলের ব্যবসায়ী কর্মীদের মারধর করে তাঁর অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন জানান, ফুটপাতে দোকান বসানো কেন্দ্র করেই মূলত সংঘর্ষের সূচনা। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য