রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন ‘আমাদের প্রধান উপদেষ্টা ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে চিঠি দিয়েছেন। চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না! কেননা আমেরিকা কী চায় তার ওপরই সবকিছু নির্ভর করছে।’
শনিবার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এখন বিশ্বের পরাশক্তি। তাদের এখন দৃষ্টি পড়েছে বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের বঙ্গোপসাগর ও মিয়ানমারের প্রতি দৃষ্টি পড়েছে। তাই এখন আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’
ঊষাতন তালুকদার বলেন, ‘দীর্ঘ ২৭ বছর হয়ে গেলেও পার্বত্য চুক্তির বাস্তবায়ন হয়নি। এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য ইউপিডিএফ সম্পূর্ণভাবে দায়ী। বাইরে থেকে কেউ আমাদের অধিকার আদায় করে দেবে না।’
অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই নেতা।
খবরওয়ালা/এফএস



