ফেসবুকে ভুয়া আইডি থেকে কোরআন-ইসলাম অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

চট্টগ্রাম নগরীতে চাকমা সম্প্রদায়ের এক ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননাকর ও উসকানিমূলক প্রচারণা চালানোর তথ্য পেয়ে সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে নগরবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (০৭ অক্টোবর) এক জরুরি বার্তায় নগরবাসীকে সতর্ক করেছে সিএমপি।

জানা গেছে, ‘Susanta Chakma’ নামের ফেসবুক আইডি থেকে গত তিনদিন ধরে ক্রমাগতভাবে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অশালীন পোস্ট ও ভিডিও দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত শুরু করে।

তদন্তের মধ্যে ওই আইডিটি নিষ্ক্রিয় করা হয়। তবে একই নাম ও ছবি ব্যবহার করে নতুন একটি আইডি খুলে আবারও একই ধরনের প্রচারণা চালানো শুরু হয়েছে, যা এখনো চলমান।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস জানান, ‘ছবি ব্যবহার করে আইডি খোলার পর আমরা সুশান্ত চাকমাকে শনাক্ত করি। জিজ্ঞাসাবাদ ও মোবাইল পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হই যে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি প্রথমে বিষয়টি জানতেনই না। ফেসবুকে তার নামে ভুয়া আইডি খুলে দুর্বৃত্তচক্র ইসলামবিরোধী প্রচারণা চালাচ্ছে। উদ্দেশ্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।’

সুশান্ত চাকমা (৩৮) এ বিষয়ে রবিবার (০৫ অক্টোবর) পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সিএমপি মঙ্গলবার (০৭ অক্টোবর) এক জরুরি বার্তায় নগরবাসীকে অনুরোধ করেছে, এসব ভুয়া পোস্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হয় বা আইন নিজের হাতে তুলে না নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ফেসবুক (মেটা) কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।