বগুড়ায় জমি বিরোধের জেরে সাবেক সেনাসদস্য ও আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জমি ও গোচারণভূমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার কাজলা ইউনিয়নের যমুনার দুর্গম পাকুড়িয়া চরের নান্টুর মোড় এলাকায়।

নিহত মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) পাকুড়িয়া গ্রামের অধিবাসী এবং কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা গ্রামের মৃত আসাদুজ্জামান খানের দুই ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে নান্টু সরকার (৫৬), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সুজন মন্ডল (৩২), মৃত ময়েজ মন্ডলের ছেলে মোখলেসুর রহমান (৫৫) এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।

স্থানীয় অধিবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাকুড়িয়ার চরের ফসলি জমি ও গবাদিপশুর চারণভূমি বেচাকেনা নিয়ে স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে মোসলেম উদ্দিনের বেশ কিছুদিন ধরে চরম বিরোধ চলছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টুর মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারী হামলাকারীরা তাঁর ওপর উপর্যুপরি হামলা চালায় ও বেদম মারধর করে পালিয়ে যায়।

হামলার পর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাত ১টার দিকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু ঘটে।

নিহতের ভাই ও কাজলা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, মোসলেম উদ্দিন অত্যন্ত শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। একই গ্রামের নান্টু সরকারের সঙ্গে জমি ও গোচারণভূমি নিয়ে বিরোধের জেরে নান্টুর নেতৃত্বেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি তাঁর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, চরের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।