বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ রকি-রাকিব বাহিনীর ৩ সদস্য আটক

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার সীমান্তবর্তী করতোয়া নদীর তীরের জঙ্গলঘেরা একটি দুর্গম স্থানে অভিযান চালিয়ে একটি কথিত সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা উচ্ছেদ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চক্রের কথিত প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদক, নগদ টাকা এবং নির্যাতনে ব্যবহারের অভিযোগ থাকা একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক শকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর তীরে পেপার মিলের পেছনের নির্জন এলাকায় তাঁবু ও পলিথিন দিয়ে তৈরি একটি আস্তানায় অবস্থান করে চক্রটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। পুলিশের দাবি, তারা মাদক কারবারের পাশাপাশি অপহরণ করে ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের মাধ্যমে অর্থ আদায় করত।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চক্রের কথিত প্রধান রকি, তার সহযোগী রাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও পাঁচ থেকে সাতজন সদস্য করতোয়া নদী সাঁতরে পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি চায়নিজ কুড়াল, একটি ধারালো চাপাতি, কয়েকটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৫ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক শকারও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, অপহরণ করে আনা ব্যক্তিদের নির্যাতনে এই শকার ব্যবহার করা হতো।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, গ্রেপ্তার হওয়া রকি ও রাকিবের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ফেনসিডিল-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা পূর্বে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর লোকালয় ছেড়ে করতোয়া নদীর তীরের দুর্গম এলাকায় আস্তানা গড়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পলাতকদের গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

মোঃ আব্দুস সবুর
বগুড়া
০২/০৭/২৬
০১৭১১-৩৪০৮৬৬

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।