বগুড়ায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার তিনজন

বগুড়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুদের অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে একটি মুদি দোকান ও একটি বসতবাড়ি থেকে ২৮ কেজির বেশি দেশীয় পটকা, ৫৫০ গ্রাম গানপাউডার এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তারা হলেন বগুড়া সদরের রহমান নগর এলাকার শাহীনুর ইসলাম সজীব (৩৫), ভাটকান্দি মধ্যপাড়ার আব্দুল মালেক (৪৫) এবং গাবতলী উপজেলার চাকলা এলাকার খাইরুল ইসলাম (৪০)।

র‍্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ সোমবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে শহরের মালতিনগর বকশী বাজার মোড়ে একটি মুদি দোকানে প্রথম অভিযান চালানো হয়। সেখান থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি সাত হাজার পিস পটকা উদ্ধার করা হয়, যার ওজন ২৮ কেজি। একই রাতে ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ৭০০ পিস পটকা, ৫৫০ গ্রাম গানপাউডার এবং নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে এসব বিস্ফোরক মজুদ করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তিনজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।