খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫
রংপুরের ‘অর্জন’ ভাস্কর্যে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালো কালি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে মডার্ন মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সিটি করপোরেশনের একটি গাড়িতে করে এসে কয়েকজন নেতা-কর্মী ভাস্কর্যের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তারা ভাস্কর্যের ওপর উঠে বঙ্গবন্ধুর ছবিতে কালো স্প্রে করে তা ঢেকে দেয়।
এ সময় “জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে”, “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”, “এই বাংলায় ছাত্রলীগ হবে না” সহ নানা স্লোগানে মুখরিত হয় আশপাশ। ঘটনার পর তারা উল্লাসও প্রকাশ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, “জুলাইয়ের আন্দোলনে আহত কয়েকজন যোদ্ধা নিজ উদ্যোগে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে থাকা মুজিবের ছবিতে কালো কালি দিয়েছে। অর্জন ভাঙা হয়নি, কারণ সেটি মুক্তিযুদ্ধের স্মারক।”
এ বিষয়ে সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়েছে, “গোপালগঞ্জে খবর পাঠাও, রংপুরে বাকশালি মুজিবের ছবিতে কালো রং মেখে দিয়েছে কয়েকজন জুলাই যোদ্ধা।”
প্রসঙ্গত, ‘অর্জন’ ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত হয়। ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরে বাঁশের লাঠি ও তীর-ধনুক নিয়ে পাকিস্তানি সেনানিবাসে আক্রমণ চালিয়েছিল সাধারণ জনগণ। এতে সহস্রাধিক মানুষ শহীদ হন।
উল্লেখ্য, এর আগে ৫ ফেব্রুয়ারি রংপুরের জিলা স্কুল মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
খবরওয়ালা/আশ