ঢাকার বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি খুনের মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি আব্দুল মালেক মুন্নার তিন দিনের এবং মাকসুদুর রহমান হামজার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী মো. ওসমান গণি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে বাদীপক্ষের আইনজীবী রেজাউল হক এর বিরোধিতা করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার কুমিল্লার বরুড়া থেকে আসামিদের গ্রেফতার করে র্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই ‘সিসা বার’ থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এর মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে, আরেকজন কোনো বস্তু দিয়ে আঘাত করে। রাব্বি লিফটের সামনে সরে এলে আরেকজন দুই দফা কিছু ছুড়ে মারতে দেখা যায়। সবশেষে একজন এসে রাব্বির ডান হাতের কনুইয়ে ছুরিকাঘাত করে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যায়।
এ ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন। ওইদিনই আসামি মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিমকে (২৭) কারাগারে পাঠানো হয়।
খবরওয়ালা/এসআই



