বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত, অভিযোগ বন্ধুকে হত্যা

স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। ছবি মুছে ফেলার অনুরোধ প্রত্যাখ্যান করায় ক্ষোভ থেকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরে ছুরি দিয়ে বন্ধুকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এ রায় ঘোষণা করেন। স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ও অভিযুক্তের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একপর্যায়ে অভিযুক্তের বাসায় বেড়াতে গিয়ে তার স্ত্রীকে অনুমতি ছাড়াই ছবি তোলেন ওই বন্ধু। পরে ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। বিষয়টি জানার পর অভিযুক্ত ক্ষুব্ধ হন এবং বন্ধুকে ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি বন্ধু।

অভিযুক্ত আদালতে জানান, ছবিগুলো ফেসবুকে প্রকাশের পর তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা শুরু হয়। এতে তিনি ও তার স্ত্রী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি দাবি করেন, প্রথমবারের ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ উপেক্ষা করার পরও তার বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর আরও ছবি প্রকাশ করেন। এতে তাদের পারিবারিক জীবনে অশান্তি তৈরি হয় এবং তার মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত স্বীকার করেন, ঘটনার পর বন্ধুর প্রতি তার মনে প্রতিশোধ নেওয়ার প্রবণতা তৈরি হয়। একপর্যায়ে তিনি তাকে হত্যার সিদ্ধান্ত নেন এবং সেই উদ্দেশ্যে একটি ছুরি সংগ্রহ করেন।

পাবলিক প্রসিকিউশনের বিবরণ অনুযায়ী, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অভিযুক্ত তার বন্ধুর কর্মস্থলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। কর্মস্থলের একটি নির্দিষ্ট স্থানে বন্ধু রয়েছেন জানতে পেরে তিনি বাইরে অপেক্ষা করতে থাকেন। পরে ওই ব্যক্তি বাইরে বেরিয়ে এলে তার ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করেন তিনি। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

বিচার চলাকালে অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, বিরোধের সূত্রপাত হওয়ার আগে নিহত ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তবে স্ত্রীর ছবি প্রকাশ এবং তা সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোর ঘটনাই শেষ পর্যন্ত তাদের সম্পর্কের অবনতি ঘটায়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ হত্যাকাণ্ডের পরিকল্পনা, ছুরি সংগ্রহ, কর্মস্থলের বাইরে অপেক্ষা এবং অতর্কিত হামলার বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরে। অভিযুক্তের স্বীকারোক্তি ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত ঘটনাটিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করেন।

সবশেষে হত্যার দায়ে ওই বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। ব্যক্তিগত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের মতো একটি বিষয় কীভাবে ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিতে পারে, এ ঘটনা তারই দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।