বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল সামাদ দাউদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এনগ্রোর সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাত নিয়ে অত্যন্ত আশাবাদী। পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহ ব্যবস্থার মাধ্যমে দেশের শিল্পখাতের বিকাশে অবদান রাখার সুযোগও দেখছি।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এনগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এমন দীর্ঘমেয়াদি প্রকল্পে মনোযোগ দিতে চাই, যা দেশের মানুষের জীবনে টেকসই ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।”
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে এসে আব্দুল সামাদ দাউদ চারদিনব্যাপী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বিডা সামিটে একটি মানবিক ছোঁয়া ছিল। এটি ছিল আন্তরিক, স্বাগতপূর্ণ এবং লক্ষ্যনির্ভর। এক ছাদের নিচে এতো শীর্ষস্থানীয় কোম্পানিকে দেখে আমি অভিভূত।”
অধ্যাপক ইউনূস এনগ্রো হোল্ডিংসের প্রতিনিধি দলকে আবার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বিভিন্ন খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণের আহ্বান জানান। তিনি বলেন, “আমি আপনাকে আবার বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ শুধু বিনিয়োগকারীদেরই নয়, পুরো বিশ্বকে অনেক কিছু দিতে পারে।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া।
খবরওয়ালা/জেআর



