খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ই জুন ২০২৫, ৮:৫৩ পিএম
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় চীন। মঙ্গলবার (২৪ জুন) বেইজিংয়ে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং।
বাংলাদেশ সময় বেলা ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব গণমাধ্যমকে বলেছেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
গতকাল সোমবার চীনের পিপলস গ্রেট হলে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মির্জা ফখরুল। সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপক্ষীয় করার আশা প্রকাশ করেন। এ বৈঠক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
খবরওয়ালা/এন
মন্তব্য