চলতি বছরের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে শেষ পর্যন্ত এক বছর পেছালো ভারতীয় দলের বাংলাদেশ সফর।
শনিবার (৫ জুলাই) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
বিসিসিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই বাংলাদেশ সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের আন্তর্জাতিক ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সূচি পেছালেও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে—তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সফরের নতুন সূচি পরে জানানো হবে বলে জানায় বিসিসিআই।
বাংলাদেশ-ভারত সিরিজ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই। ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে, তবে আলোচনা এখনো শেষ হয়নি। আমরা আশাবাদী, সুবিধাজনক উইন্ডোতে সিরিজটি হবে। বিসিসিআই পেশাদার এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখছে।’
আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে মিরপুর ও চট্টগ্রামে সিরিজটি হওয়ার কথা ছিল। তবে দুই বোর্ডের আলোচনা এবং সময়সূচির সংঘাতের কারণে সেটি আর বাস্তবায়ন হয়নি।
ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২২ সালের ডিসেম্বরে। সেই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় রোহিত শর্মার দল।
২০২৬ সালের প্রতীক্ষিত এই সফরে ভারতীয় দলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বিসিবি, জানিয়েছে বোর্ড।
খবরওয়ালা/আরডি



