আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের পরাজয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের জায়গা করে নেওয়াটা জটিল হয়ে পড়েছে। পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন তৃতীয় স্থানে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২ পয়েন্ট থাকলেও নেট রান রেটে বাংলাদেশ (০.৬৫০) লঙ্কান (২.৫৯৫) ও আফগানদের (৪.৭০০) থেকে পিছিয়ে।
চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৪১ রানের একটি দারুণ ইনিংস খেলা জাকের আলী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, তারা এখনও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী, ‘আশা ত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। আমরা জেতার জন্যই খেলব। আমাদের মানসিকতা একই থাকবে। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম, যদিও তা সফল হয়নি। পরের ম্যাচেও একই মানসিকতা নিয়ে নামব। আমরা তো শুধুমাত্র ম্যাচ খেলার জন্য এই টুর্নামেন্টে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি। এক ম্যাচ হারলেই আশা হারিয়ে ফেলা যাবে না।’
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। শ্রীলঙ্কার ফিল্ডাররা কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করার পরও বাংলাদেশ প্রথম ৬ ওভারে মাত্র ৩ উইকেটে ৩০ রান তুলতে সক্ষম হয়। পাওয়ার প্লে-তে রান রেট ছিল মাত্র ৫, যেখানে এখনকার টি-টোয়েন্টিতে প্রায় ২০ রানও উঠেছে। লঙ্কানদের বিপক্ষে ১০ ওভার শেষ হওয়ার আগেই ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। বাকি ১০ ওভারে ৮.৫ রান রেটে ৮৫ রান আসে জাকের আলী এবং শামীম পাটোয়ারির অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৬১ বলে গড়া ৮৬ রানের পার্টনারশিপের কল্যাণে।
শীর্ষ সারির ব্যাটারদের ব্যর্থতার পেছনে মরুর বাতাসকে কারণ হিসেবে উল্লেখ করে জাকের বলেন, ‘যেহেতু গরম ছিল, বাতাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মাঠে সব দিকে মারা যায় না, একপাশে গ্রাউন্ডে খেলতে হয়। টপ অর্ডারকে বেশি দোষ দেওয়া ঠিক হবে না। তারা ভালো বোলিং করেছে। সামগ্রিকভাবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো খেলতে পারিনি।’
খবরওয়ালা/টিএসএন



