রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনও সংকটাপন্ন। তাদের আইসিইউতে রাখা হয়েছে। তবে শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার কয়েকজন রোগীকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘আজ পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪০ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক, যাদের আইসিইউতে রাখা হয়েছে। এর বাইরে সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন, পোস্ট অপারেটিভ ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ১০ জন এবং কেবিনে রয়েছে ১৫ জন রোগী।’
পরিচালক আরও বলেন, ‘যেসব রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, তাদের মধ্যে দুজনের কিছুটা উন্নতি হয়েছে। তারা নিজেরা শ্বাস নিতে পারছে। পরিস্থিতি বিবেচনায় আগামীকাল চার-পাঁচজন রোগীকে ছাড়পত্র দেওয়া যেতে পারে।’
নাসির উদ্দিন জানান, ‘আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং তারাও রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।’
খবরওয়ালা/এন



