বিপিএলে ফিক্সিং তদন্ত শেষ, জড়িত সাংবাদিক ও ম্যানেজমেন্ট সদস্যরাও

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ওঠা স্পট ফিক্সিংয়ের অভিযোগে দীর্ঘ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে শুধু দুর্নীতির বিষয়ই নয়, টুর্নামেন্টের পরিচালনাগত বিভিন্ন দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে স্বাধীন তদন্ত কমিটি। পাশাপাশি সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করতে একটি পরিকল্পিত রোডম্যাপও প্রস্তাব করা হয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত আগস্টেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছিলেন। এরপর সম্প্রতি বোর্ডের হাতে এসেছে পূর্ণাঙ্গ প্রতিবেদন।

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে নতুন মৌসুমের বিপিএল। তার আগে ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘আমরা ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালকে দিয়েছি। তিনি পুরো বিষয়টা দেখে অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবেন। এরপর সেই চার্জের ভিত্তিতেই আমরা ব্যবস্থা নেব। আমরা চাই ড্রাফটের আগেই এসব সিদ্ধান্ত পেতে। টাইমলাইন অনুযায়ী কাজ চলছে।’

ফিক্সিংয়ে অভিযুক্তদের তালিকায় কেবল ক্রিকেটারই নয়, সাংবাদিক ও ম্যানেজমেন্টের সদস্যরাও রয়েছেন বলে জানান বিসিবির এই সহসভাপতি। তার ভাষায়, ‘ড্রাফটের আগে যদি নাম পাই, তাহলে তাদের নাম ড্রাফটে থাকবে না। মনে রাখবেন, শুধু খেলোয়াড় নয়—সাংবাদিকও আছে, ম্যানেজমেন্টও আছে।’

বিপিএলের পরবর্তী সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি। শাখাওয়াত হোসেন বলেন, ‘আজকের সভায় এটা (বিপিএল নিলাম) নিয়ে আলোচনা হয়েছে। ১৫ তারিখের পরই প্লেয়ার্স ড্রাফট হবে। আমরা আজ বিষয়টা লিখে নিয়েছি, পরবর্তী সভায় যা লিগের জন্য ভালো মনে হবে, সেটিই করা হবে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।