বিমান বিধ্বস্তের ঘটনার অবশ্যই তদন্ত করবো: প্রধান উপদেষ্টা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভিডিও বার্তা দিয়ে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এ ঘটনার অবশ্যই তদন্ত করবো।’

সোমবার(২১ জুলাই) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তাটি পোস্ট করেন তিনি।

আবেগঘন কণ্ঠে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব তা বুঝতে পারছি না। আমার মতো সারাদেশের লোক আজ হতবাক। এরকম এক ঘটনা ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।

তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। তাদের মা-বাবাদের আমরা কী জবাব দেব, কী বলব তাদের। আমরা নিজেদেরই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ ঘটনায় সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এর রেশ এখনও কাটেনি। এখনও হাসপাতালে লাশ আসছে, কেউ হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাবা এখনও খোঁজ নিচ্ছে– ‘আমার সন্তান কোথায়। তাদের আর চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি, তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা’।
তিনি বলেন, তাদের কাউকে আলাদা করার তো কোনো উপায় নেই। তারা সবাই আমাদের সন্তান। হঠাৎ আমাদের ছেড়ে চলে গেল। অবশ্যই তদন্ত করব। কিন্তু তদন্ত করলে তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে কেউ ভিড় করবেন না। যারা আহত তাদের জন্য এটা ভালো না। কাজেই দূর থেকে তাদের জন্য দোয়া করুন সবাই।

তিনি আরও বলেন, আমরা আহত-নিহতদের মা-বাবা, আত্মীয়স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি, সান্ত্বনা জানাচ্ছি। তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আজ (মঙ্গলবার) শোক দিবস। সবাই মিলে তাদের কথা স্মরণ করব। নিহতদের আত্মার শান্তি কামনা করব, রুহের মাগফেরাত কামনা করব। তাদের জন্য দেশের সবাই দোয়া করছি।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।