খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 5শে আশ্বিন ১৪৩২ | ২০ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল বেলা তিনটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিনি আহত হয়েছিলেন।
নিহত ব্যক্তির নাম মো. ইদ্রিস। তিনি উপজেলার আমিরাবাদের তজু মুন্সীর পাড়া এলাকার বাসিন্দা। তার ভাগনে মো. লোকমান জানান, দুপুরে রাজঘাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মো. ইদ্রিস। সেখানে খাওয়া-দাওয়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
লোকমান বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মো. ইদ্রিসকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিহত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।
খবরওয়ালা/টিএসএন