বিশেষ অভিযানে ৭০টি ট্রাকে ৩৫ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার

সিলেটে প্রশাসনের অভিযানে ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যা নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে অবৈধভাবে পাথর লুট ও পাচার ঠেকাতে বুধবার রাত থেকে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলেছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা।

উদ্ধার হওয়া পাথরের বড় অংশ ধলাই নদীতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনঃস্থাপন হয়।

এর আগে সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথর উদ্ধার ও পুনঃস্থাপন এবং লুটপাট প্রতিরোধে প্রশাসন ৫ দফা সিদ্ধান্ত নেয়। বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে অনুষ্ঠিত সম্মিলিত সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলো হলো— জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীর সার্বক্ষণিক দায়িত্ব, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধে অভিযান, পাথর চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং উদ্ধার পাথর পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা।

সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার রাত থেকেই পাথর উদ্ধার ও পুনঃস্থাপন শুরু হয়েছে। পাশাপাশি সিলেটের বাইরে পাথর পাচার ঠেকাতে চেকপোস্টে তল্লাশি চলছে।

সম্প্রতি প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে সাদা পাথরসহ সিলেটের পাথর কোয়ারিগুলো প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।