বিশ্বকাপে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রোনালদো

আয়ারল্যান্ডের বিপক্ষে জয় উদযাপনের কথা ছিল পর্তুগালের। কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচ হেরে যায়। হতাশার বিষয় এখানেই শেষ নয়। ম্যাচের ৬১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুই দিয়ে আঘাত করলে প্রথমে হলুদ কার্ড পান। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করা হয়। ৪০ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য আরও বিপদের সংকেত অপেক্ষা করছে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড পাওয়ার পর রোনালদো ২০২৬ সালের বিশ্বকাপের অন্তত প্রথম ম্যাচে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। আল নাসরের ফরোয়ার্ডকে লাল কার্ডের কারণে বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে, যা প্রয়োগ হবে পর্তুগালের আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে জয় পেলে পর্তুগাল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজনের বিশ্বকাপে যাবে।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী গুরুতর ফাউল প্লের জন্য অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আর হিংস্র আচরণের ক্ষেত্রে এটি তিন ম্যাচ বা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে। কনুই দিয়ে আঘাতও এর মধ্যে পড়ে। এই নিষেধাজ্ঞা কেবল প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য প্রযোজ্য, প্রীতি ম্যাচের জন্য নয়।

ম্যাচের পরে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘এই লাল কার্ডটি এমন একজন অধিনায়কের জন্য এসেছে যিনি আগে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। আজকের ক্ষেত্রে এটা একটু কঠিন মনে হয়েছে। তিনি প্রায় ৫৮-৬০ মিনিট বক্সে আটকে ছিলেন, টানা ধাক্কা খাচ্ছিলেন, তখন নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন রোনালদো।’

কোচ আরও বলেন, ‘আমি মনে করি এটি ক্যামেরায় যা দেখানো হয়েছে তার চেয়ে কম গুরুতর। এটা পুরো শারীরিক লড়াই ছিল, কনুই নয়।’

ম্যাচের আগে রোনালদো আশা করেছিলেন দর্শকদের সামনে ‘ভাল ছেলে’ হিসাবে খেলার চেষ্টা করবেন। তবে শেষ পর্যন্ত আল নাসর ফরোয়ার্ড নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।