খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
ফুটবল মাঠে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা জাতীয় দল। বিশ্বকাপ জয়ের পর থেকেই ছন্দে রয়েছে তারা। সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়নও দলটি। তাদের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনার যুবরা। তবে মেক্সিকোর কাছে হেরে চলমান যুব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো আর্জেন্টিনাদের।
কাতার যুব বিশ্বকাপে নাটকীয়ভাবে শেষ হলো আর্জেন্টিনার যাত্রা। নির্ধারিত সময়ের খেলায় মেক্সিকোর সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় হয় আলবিসেলেস্তেদের।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। টানা তিন ম্যাচে জয় তুলে নেন তারা। বেলজিয়ামের বিপক্ষে ৩-২, তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ এবং ফিজির বিপক্ষে ৭-০ ব্যবধানে জয় পেয়ে তারা নকআউট পর্বে পৌঁছায়। তবে সেখানেই হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার যুবাদের।
গ্রুপ–এফ থেকে শেষ ষোলোতে ওঠে মেক্সিকো। তিন পয়েন্ট নিয়ে সমান অবস্থানে ছিল সৌদি আরবও। তবে ফেয়ার প্লে তালিকার কারণে মেক্সিকো নকআউট পর্বে জায়গা পায়। এই তিন পয়েন্ট আসে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় থেকে; দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডের বিপক্ষে তারা হেরেছিল।
নকআউট পর্বে টাইব্রেকারে আর্জেন্টিনার ব্যর্থতা তাদের ভাগ্য নির্ধারণ করে। লড়াই করার পরও শেষ আটের বাইরে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয় মেসির উত্তরসূরিদের।
খবরওয়ালা/টিএসএন