বিসিবির নির্বাচন লড়বেন আসিফ আকবর

গান দিয়ে পরিচিত হলেও কণ্ঠশিল্পী আসিফ আকবরের শেকড় রয়েছে ক্রিকেট মাঠে। নব্বই দশকের শুরুতে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। স্কুল-কলেজ জীবনেও কুমিল্লা লিগ, স্কুল ক্রিকেট ও আন্তঃকলেজ ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন তিনি।

এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন আসিফ। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদেও লড়বেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ বলেন, ‘কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। অথচ ছয় বছর ধরে এখানে ক্রিকেট লিগই হচ্ছে না। বিসিবিতে আসতে পারলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফেরানো।’

তিনি আরও জানান, মাঠ না পাওয়ায় কুমিল্লার তরুণেরা খেলাধুলা থেকে দূরে সরে গেছে। এর ফলে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যায় জড়িয়ে পড়ছে তারা। ‘আমরা মাঠ ভাড়া দিই ঢাকার ক্লাবগুলোকে, অথচ আমাদের ছেলেমেয়েরা খেলার জায়গা পায় না। আমি চেষ্টা করব মাঠে খেলা ফিরিয়ে কুমিল্লার তরুণসমাজের জন্য কিছু করতে,’ বলেন তিনি।

শুধু কুমিল্লাই নয়, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চান আসিফ আকবর। তার ভাষায়, ‘প্রতিটি জেলার ক্রিকেট নিয়েই আলাদা কিছু করার সুযোগ আছে।’

কাউন্সিলর হওয়ার ব্যাপারে শুরুতে অনাগ্রহী ছিলেন আসিফ। তবে কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নেন। তিনি বলেন, ‘ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি আবেগ থেকেই এই দায়িত্ব নিয়েছি।’

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকেই ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তিনি। টানা ১৪টি শোতে অংশ নিতে তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন।

আজ (শনিবার) বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং আগামীকাল জমা দিতে হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।