বীর মুক্তিযোদ্ধা ও নারীকে কুপিয়ে-গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে ‘মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন’ এক যুবকের বিরুদ্ধে নিজের ভাবি ও প্রতিবেশী এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল পাঁচটার দিকে ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

ওই ব্যক্তির নাম মো. সাইদুল মিয়া (৪০)। তিনি ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে। পেশায় একজন দিনমজুর।

নিহতরা হলেন—পাঁচগাঁও গ্রামের বাসিন্দা মো. শহীদ মিয়ার স্ত্রী মোছা. হাফেজা আক্তার (৫২) এবং একই গ্রামের বাসিন্দা মৃত সলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আশারাফ আলি আশু (৭০)। এর মধ্যে হাফেজা আক্তার সম্পর্কে ঘাতক সাইদুলের ভাবি এবং গাজী আশারাফ আলি আশু তাদের প্রতিবেশী।

পুলিশ জানায়, সাইদুল ছোটবেলায় মানসিক ভারসাম্যহীন হলেও চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে প্রায়ই পাগলামি করতেন। কয়েক দিন ধরে মাত্রাতিরিক্ত পাগলামি শুরু করায় তাঁকে বাড়িতে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। আজ বেলা সাড়ে তিনটার দিকে সাইদুর ঘরের জানালা ভেঙে বের হয়ে পড়েন। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরির পর বাড়ির কাছে নিজের বড় ভাই শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তারকে (৫২) ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর বাড়ির উঠানে ধান মাপার কাজ করার সময় একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলীকে (৭০) কোদাল দিয়ে কোপ দেন। তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় সাইদুল মিয়ার আক্রমণে একই গ্রামের আবদুস সামাদ (৩৫), সাকিম মিয়া (৩৫), বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার (৭৫) ও সাইদুলের মামি জেবুন নাহার (৫০) আহত হন। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি এলাকা থেকে অভিযুক্ত সাইদুল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, সাইদুল মাদকাসক্ত হয়ে পাগলামি করতেন। দুই-তিন ধরে বেশি পাগলামি করায় তাঁকে ঘরে আটকে রাখা হয়েছিল। কিন্তু আজ ঘরের জানালা ভেঙে বের হয়ে দুটি হত্যাকাণ্ড ঘটান। তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

খবরওয়ালা/এসআর  

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।