বুড়িচংয়ে ছাত্রলীগ নেতা শামীম গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি মো. শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার সদর এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা, স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক মামলাসহ একাধিক ঘটনায় শামীমের নাম আসে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোরও আসামি তিনি।

পুলিশের দাবি, শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। শামীমও আত্মগোপনে থাকলেও পরে সাংবাদিক পরিচয়ে এলাকায় ফিরে তথ্যানুসন্ধানের নামে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াতেন এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। অভিযোগ রয়েছে, এই সুযোগে তিনি এলাকায় নাশকতা, আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার শামীম বুড়িচং সদরের সর্দার বাড়ির মো. আমির হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে ওসি আজিজুল হক বলেন, “মো. শামীম নামে এক ছাত্রলীগ নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।