বৃষ্টিতে ভিজেই পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যমুনায় ৮ সদস্যের প্রতিনিধি দল

‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকেরা। বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বৃষ্টি শুরু হলে কাকরাইল মোড়ে ভিজেই দাবি আদায়ে বিক্ষোভ করছেন তারা।  এসময় আজকের মধ্যেই বেতন পরিশোধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

পরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের পক্ষ থেকে আট সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রবেশ করেন।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা নাগাদ মিছিল নিয়ে কাকরাইল মোড়ে এসে উপস্থিত হন আন্দোলনকারীরা। এসময় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।

সরেজমিনে দেখা যায়, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন আন্দোলনকারী শ্রমিকরা। কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টিতে ভিজেই বেতনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এসময় ‘বেতন চাই, বোনাস চাই—চূড়ান্ত হিসাব আজই চাই’, ‘১৮ মাসের ঘাম কোথায়? টিএনজেড জবাব চাই!’, ‘মেহনতি মানুষের ঘাম বৃথা যেতে পারে না’, ‘যেখানে বেতন নেই, সেখানে শান্তি নেই!’, ‘আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে বৃষ্টির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাময়িকভাবে কিছুটা পেছনে সরে গেলেও পরে আবার বৃষ্টির পরই আগের অবস্থানে ফিরে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে কাকরাইল ও আশপাশে যে কোনো ধরনের আন্দোলন ও মিছিল নিষিদ্ধ। তবে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, তাই আপাতত কোনো সমস্যা নেই। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।