ব্যর্থতার বৃত্ত ভাঙতে আজ ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলায় নামছে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে ভয়ানকভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে টাইগারদের। তবে এবার নিজেদের ছন্দে ফেরার সুযোগ পাচ্ছে মেহেদী হাসান মিরাজরা। আজ শনিবার ঘরের মাঠ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডেতে একটিতেও প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি বাংলাদেশ। এমনকি কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাটিং টিকিয়ে রাখতে পারেনি তারা। শেষ দুই ম্যাচে ৩০ ওভারের মধ্যেই ইনিংস শেষ হয়ে গেছে। ধারাবাহিক এই ব্যর্থতায় তৈরি হয়েছে এক বিব্রতকর পরিসংখ্যান। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া পরাজয়ের ধারা অনুযায়ী, টানা চারটি ওয়ানডে সিরিজে হার দেখেছে বাংলাদেশ। এই সময়ে ১৪ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি। যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, একসময় এই ফরম্যাটে শক্তিশালী বাংলাদেশ এখন অবস্থান করছে দুর্বলতম পর্যায়ে। তবে আশার বিষয় হলো, চারটি সিরিজই হয়েছিল বিদেশের মাঠে। সর্বশেষ ঘরের মাঠে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা
 

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে সুখস্মৃতি। সর্বশেষ ২০২১ সালে তারা বাংলাদেশ সফরে এলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা।

পরিসংখ্যান অনুযায়ী, জিম্বাবুয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজই একমাত্র টেস্ট খেলুড়ে দল, যাদের বিপক্ষে বাংলাদেশ নিয়মিতভাবে জয়ের দেখা পেয়েছে। দুই দলের মুখোমুখি ৪৭ ম্যাচে ক্যারিবীয়রা জিতেছে ২৪টিতে, বাংলাদেশ জয় পেয়েছে ২১টিতে এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।