ভারতে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত ৩৮, শতাধিক নিখোঁজ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চোশিটি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগ ঘটে।

হঠাৎ ভারী মেঘ জমে কোনো এলাকায় অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে সেটিকে ‘মেঘ বিস্ফোরণ’ বলা হয়। এতে আকস্মিক বন্যা দেখা দেয়, যা নিম্নাঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘সেখানকার খবর মর্মান্তিক।’ তিনি জানান, মেঘ বিস্ফোরণের ঘটনা কিস্তওয়ার বিভাগে ঘটেছে।

কিস্তওয়ারের একটি হাসপাতালে আহত ও মৃতদের আনার জন্য মানুষ ভিড় জমাচ্ছেন। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে বড় ধরনের বাধার আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনের ঝড়ে রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ঘটনাস্থল রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্ত এলাকায় সব ধরনের প্রয়োজনীয় সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ৫ আগস্ট ভারতের উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতে মেঘ বিস্ফোরণে অন্তত ৭০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়। তবে দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।