খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, তার সরকারি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত ২২ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে। পাশাপাশি বাংলাদেশসহ কিছু দেশে অর্থ সাহায্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক সহায়তার ব্যাপক কাটছাঁটের অংশ হিসেবে মনে করা হচ্ছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এই ঘোষণা দিয়েছে।
এই ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশে ‘রাজনৈতিক পরিপ্রেক্ষিত শক্তিশালীকরণের জন্য’ ২৯ মিলিয়ন ডলার, নেপালে ‘আর্থিক ফেডারেলিজম’ এবং ‘জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য’ ৩৯ মিলিয়ন ডলার, মোজাম্বিকে ১০ মিলিয়ন ডলার, লাইবেরিয়ায় ১.৫ মিলিয়ন ডলার, মালিতে ‘সামাজিক ঐক্য’ এর জন্য ১৪ মিলিয়ন ডলার, দক্ষিণ আফ্রিকায় ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র’ এর জন্য ২.৫ মিলিয়ন ডলার এবং এশিয়ায় ‘শিক্ষাগত ফলাফল উন্নয়ন’ এর জন্য ৪৭ মিলিয়ন ডলার বাতিলের ঘোষণা দিয়েছে।
দপ্তর প্রধান ইলন মাস্ক অবশ্য বারবারই জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে ‘আমেরিকা দেউলিয়া হয়ে যাবে’ এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
এদিকে ক্ষমতায় আসার পরপরই সরকারি ব্যয় কমাতে বিভিন্ন ধরনের উদ্বেগের কথা জানিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প।
খবরওয়ালা/জেআর