ভাসমান নৌকায় ছিল দুই জেলের ঝলসানো মরদেহ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাছ ধরার নৌকা থেকে দুই জেলের ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরির চর গ্রামের পেরির বিল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ধারণা, শুক্রবার রাত বা শনিবার ভোরে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন পেরির চর গ্রামের পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ মিয়া (২০)। তাঁরা উভয়ই বিভিন্ন নদ-নদী খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় কয়েক বাসিন্দা জানান, শুক্রবার বিকেল চারটার দিকে পেরির বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। কিন্তু রাতে তাঁরা বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনের ধারণা, হয়তো দূরে কোথাও মাছ ধরতে গিয়েছেন তাঁরা। কিন্তু সকালেও তাঁদের খবর না পেলে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে পেরির বিলে ভাসমান নৌকায় ঝলসানো অবস্থায় তাঁদের মরদেহ খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, ওই দুই ব্যক্তি গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় বজ্রপাতে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, দুই জেলের দাফন-কাফনের জন্য সংশ্লিষ্ট পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।