ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকেই

ভিয়েতনামের বিখ্যাত পর্যটন কেন্দ্র হা লং বে-তে খারাপ আবহাওয়ার কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।

শনিবার (স্থানীয় সময়) দুপুরে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে ওয়ান্ডার সিজ নামের নৌকাটি ডুবে যায়। জাহাজটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে আসা স্থানীয় পর্যটক।

উদ্ধারকর্মীরা জানান, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে টানা ভারী বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিখোঁজদের সন্ধানে রাতভর অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, দুপুর ২টার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে আসে। এরপর শুরু হয় বজ্রসহ শিলাবৃষ্টি, আর তখনই নৌকাটি ডুবে যায়।

ভিএনএক্সপ্রেসকে দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ বছর বয়সি এক কিশোরকে উল্টে যাওয়া নৌকার এয়ার পকেট থেকে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়। ১০ বছর বয়সি এক শিশুও উদ্ধার হয়েছে এবং বর্তমানে বাই চাই হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছে। ইতোমধ্যে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং কোনো অবহেলা বা নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হা লং বে কোয়াং নিন প্রদেশে অবস্থিত একটি ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা শত শত দ্বীপ ও চুনাপাথরের গঠনে ঘেরা। ২০১৯ সালে এ স্থানটিতে প্রায় ৪০ লাখ পর্যটক ভ্রমণ করেন।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।