খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের( পূর্বনাম- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১২টায় অস্থায়ী ক্যাম্পাস গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রার নাইলা ইয়াসমিন স্বাক্ষরিত একটি নোটিশ শেয়ার করা হয়। নোটিশে বলা হয়, গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনার্স ১ম বর্ষের পরীক্ষা চলমান থাকায় ১৯৮০ সালের ৪২ নম্বর আইন অনুযায়ী ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এতে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ রাখা, ব্যক্তিগত ও পাবলিক পরিবহন প্রবেশ নিষিদ্ধ করা এবং প্রয়োজন ছাড়া প্রবেশ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়। এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়, রেজিস্ট্রার ও বিভাগীয় অফিসসহ কয়েকটি অফিসে তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া ও কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থায়ী ক্যাম্পাসের জন্য শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং ভূমি অধিগ্রহণের অনুমতিও মিলেছে। কিন্তু প্রশাসন বলছে পুরো প্রক্রিয়া শেষ করতে আরও ৭-৯ মাস লাগবে। অন্যদিকে গুরুদয়াল কলেজ ভবনে অ্যাকাডেমিক কার্যক্রম চললেও কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই, ফলে যেকোনো সময় সরে যেতে হতে পারে। অথচ বিকল্প অস্থায়ী ক্যাম্পাস নিয়েও প্রশাসন ভাবছে না।
শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ, বিকল্প অস্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের শাটডাউন অব্যাহত রাখবেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফীউল মুজনীবিন বলেন, দুর্বল প্রশাসনের মেরুদণ্ডহীন অবস্থায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই ক্লাস, পরীক্ষা ও ল্যাব বর্জন করা হচ্ছে। এক বছরের মধ্যে প্রশাসন শিক্ষার্থীদের কথা শোনেনি বলেও অভিযোগ করেন তিনি।
এসময় উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের দাবির বিষয়ে দ্রুতই ইউজিসির সঙ্গে কথা বলা হবে।
খবরওয়ালা/টিএসএন