খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
জাতিয় পার্টির নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, দেশে চলমান ‘মব সন্ত্রাস’ না থাকলে, আর সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি (জাপা) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা চিন্তা করবে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ থাকা সত্ত্বেও তারা দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করতে পারেনি, বরং দলের রাজনীতির ওপর নিষেধাজ্ঞা ও জুলাই-আগস্ট স্মৃতিচারণে মনোনিবেশ করেছে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টিকে নিয়ে অনেকেই হীন রাজনীতি করছে, একঘরে করার চেষ্টা করছে, রাজনীতির মাঠের বাইরে রাখার প্রয়াস হচ্ছে। তবে এ প্রয়াসগুলো সফল হবে না, আমার দৃঢ় বিশ্বাস, জাপা সঠিক পথই বেছে নেবে। যদি ‘মব সন্ত্রাস’ না থাকে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, তবে জাপা নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করবে। তবে এ বিষয়ে তৃণমূল ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা করেই দলের চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, জাপার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বারবার আঘাত আসছে, তবু নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যেহেতু জাপার রাজনীতি নিষিদ্ধ (ব্যান) করেনি, তাহলে ভোটে অংশ নিতে নিষেধ করবে কীভাবে? জাপার রাজনীতিতে নিষেধাজ্ঞা না দিলে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকবে। তবে একই সঙ্গে আশঙ্কা করছি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। সে ক্ষেত্রে দলের স্বার্থে, নেতাকর্মীদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। জাপা অবশ্যই সবসময় নির্বাচনমুখী দল।
সাবেক এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক সরকারের মতো এই অন্তর্বর্তী সরকারের তো কোনো বাধ্যবাধকতা নেই। তারা দ্রুত সংস্কার করতে পারত, কিন্তু তা না করে তারা দলের ওপর নিষেধাজ্ঞা, রাজনীতিতে নিষেধাজ্ঞা, হন্টেড মেমোরিতে (মূলত জুলাই-আগস্টের স্মৃতি রোমন্থন) মনোনিবেশ করেছে। দেশ গঠনের একটি সুবর্ণ সুযোগ ছিল, যা তারা হারিয়ে ফেলেছে, খুবই দুঃখজনক। এ রকম সুযোগ এক যুগ, দুই যুগ পরে আসে। অন্তর্বর্তী সরকার সব দলের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারত, কিন্তু তা তারা করেনি। এমনকি আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যেও ঐক্য ধরে রাখতে পারেনি। অন্তর্বর্তী সরকার এত দলকে বাদ দিয়ে যে ঐকমত্য গঠন করতে চাচ্ছে, সেই ঐকমত্য তো মোটেও টেকসই হবে না।
নতুন দায়িত্ব গ্রহণ নতুন স্বপ্ন জাগায় জানিয়ে তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কর্মকাণ্ডগুলোকে দেশব্যাপী ছড়িয়ে দেব। আমাদের লক্ষ্য সুদীর্ঘ রাষ্ট্র পরিচালনা, সংসদীয় ও তৃণমূলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সব শাখাকে ঢেলে সাজিয়ে এবং ভিত্তি তৈরি সুসংহত করা। এর ভিত্তিতে ভোটে বিপুল সংখ্যক আসন অর্জন করে সরকার গঠন ও দেশ গঠনে ভূমিকা রাখা।
সূত্র: কালবেলা
খবরওয়ালা/এফএস