মহানবীকে নিয়ে কটূক্তি করায় কোহিনূরের কর্মকর্তা পুলিশ হেফাজতে

মহানবী হজরত মুহাম্মদ সা. সম্পর্কে কটূক্তি করার অভিযোগে কোহিনূর কেমিক্যালস কোম্পানির সুপারভাইজার বিধান বাবুকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আটটার দিকে কারখানাটির ভেতর থেকে পুলিশ ও সেনাবাহিনী তাকে নিয়ে বের হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেছেন, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, অভিযোগ ওঠা ব্যক্তি কারখানার প্রোডাকশন এক্সিকিউটিভ। রাত ৮টার দিকে পুলিশ ও সেনা প্রহরায় তাকে কারখানা থেকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে।

পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, “ধর্মীয় অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করবে। এখন তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। মামলা হলে তাকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”

ওই কর্মকর্তার বিরুদ্ধে ‘কটূক্তির’ অভিযোগ তুলে মঙ্গলবার বেলা ৩টার দিকে তেজগাঁওয়ে তিব্বত ক্রসিংয়ে সড়কে অবস্থান নেন কোহিনূর কেমিক্যালস কোম্পানির কর্মীরা। তার বিচার ও ফাঁসির দাবি করতে থাকেন তারা। তখন থেকেই দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, অবরোধ শুরুর কিছুক্ষণ পরই তাকে চাকরি থেকে বরখাস্ত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকরা তারপরও সড়ক আটকে রাখেন।

তারা সেই সহকর্মীর ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ গিয়ে অনেক বুঝিয়েও তাদের সরাতে পারেনি।

বিকালে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি সেখানে সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। জলকামানসহ দাঙ্গা দমনের সরঞ্জাম নিয়ে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মূল সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। আশপাশের অলি-গলিতে জটলা করে থাকা শ্রমিকদের বাঁশি বাজিয়ে, লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়। রাত ৮টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।