মামলার আসামীকে ধরিয়ে দেওয়ার জেরে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার-২

রাজধানীর মোহাম্মদপুরে আল আমিন ওরফে পাতা আল আমিন (২৬) হত্যাকাণ্ডে জড়িত দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন—হত্যা মামলার এক নম্বর আসামি মো. মোশারফ হোসেন (২৬) ও দুই নম্বর আসামি মো. রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।

র‌্যাব-২ জানায়, ছিনতাই মামলায় এক আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা আল আমিনকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করে। শনিবার (১৯ জুলাই) ভোলার চরফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট থেকে যৌথ অভিযান চালিয়ে র‌্যাব-২ ও র‌্যাব-৮ এই দুইজনকে গ্রেপ্তার করে।

র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, নিহত আল আমিন আইনশৃঙ্খলা বাহিনীর একজন সোর্স হিসেবে কাজ করতেন। সম্প্রতি একটি ছিনতাই মামলায় মোশারফের ছোট ভাই মান্নানকে ধরিয়ে দেন তিনি। এর প্রতিশোধ নিতে মোশারফ, রিপন ও অন্যান্য কিশোর গ্যাং সদস্যরা আল আমিনকে হত্যার পরিকল্পনা করে।

গত ১৬ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় তার হাঁটুর রগ এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল আমিনের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত মোশারফ পেশায় রিকশাচালক হলেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত। অপর আসামি রিপন পেশায় রংমিস্ত্রি হলেও ছিনতাই ও হত্যায় সরাসরি অংশগ্রহণ করতেন।

র‌্যাব জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।