খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ নামিবিয়া ১৯৯০ সালে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার অর্জনে যার অকট্য ভূমিকা ছিল তিনি হলেন স্যাম নুজোমা। রাজধানী উইন্ডহোকে ৯৫ বছর বয়সে মারা গেছেন তিনি। নুজোমা দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট। নামিবিয়ার ব্যাংক নোটে নামিবিয়ার ‘জাতির পিতা’ হিসেবে তার ছবি ব্যবহার রয়েছে।
আজ রোববার নামিবিয়ার প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুমবা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। খবর-বিবিসি
১৯৯০ সালে স্বাধীনতা অর্জনের পর ২০০৫ পর্যন্ত দেশের শাসনভার নজুমার হাতেই ছিল। ওই বছর প্রেসিডেন্ট পদ ছাড়ার পর ২০০৭ সালে ৭৮ বছর বয়সে দলের নেতৃত্বও ছেড়ে অবসর নেন নজুমা।
তবে অবসর নেওয়ার পরও প্রায় ৩০ লাখ মানুষের দেশটিতে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তি হিসেবে বিবেচিত ছিলেন নজুমা। দেশটির স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া শীর্ষ নেতাদের অল্প কয়জনই এখনো বেঁচে আছেন।
সর্বশেষ ২০২২ সালে জনসম্মুখে হাজির হন। ৯৩ বছর বয়সেও তিনি এক হাত মুষ্টিবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ নিয়ে বলিষ্ঠ বক্তব্য রাখেন।
ওভামবো গোত্রের এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম নেন নজুমা। তিনি ছিলেন তার বাবা-মায়ের দশ সন্তানের মধ্যে বড়। ১৯৬০ সালে সাউথ ওয়েস্ট পিপলস অর্গ্যানাইজেশনের (এসডব্লিউএপিও) নেতা হিসেবে নির্বাচিত হন। সে বছরই নির্বাসনে যেতে বাধ্য হন নজুমা। ১৯১৫ থেকে ১৯৯০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারগুলো নামিবিয়া কুক্ষিগত করে রেখেছিল।
খবরওয়ালা/ এমবি