মিয়ানমারের জলসীমায় প্রবেশ, ১২২ জেলে আটক

আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১২২ জন জেলে আটক ও ১৯টি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে দেশটির অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্ট বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলাকালীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় ১৯টি ফিশিং বোটে থাকা জেলেদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোটের মিয়ানমার অভ্যন্তরে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের আটক করছে।

আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন উল্লেখ করে তিনি আরও জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।