মেয়ের জামাইকে খুনের পর রক্তমাখা ছুরি ধুয়ে ড্রয়ারে রেখে দেন খোরশেদ

চট্টগ্রামে শ্বশুরবাড়িতে মেয়ের অসুস্থতা দেখতে গিয়ে প্রাণ হারালেন মো. হানিফ। পারিবারিক কলহের জেরে শ্বশুর খোরশেদ মোল্লা, শ্যালক আরিফ মোল্লা ও তাঁর বন্ধু দেলোয়ার হোসেন মিলে ছুরিকাঘাতে তাকে হত্যা করেন। খুনের পর রক্তমাখা ছুরি ধুয়ে বাড়িতেই রেখে দেন খোরশেদ।

ঘটনাটি ঘটে গত রোববার সকালে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মাঝের ঘোনা এলাকার গলাচিপা কাঁচা রাস্তার মোড়ে। পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে হানিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ছিল ১৭টি ছুরিকাঘাতের চিহ্ন। নিহতের বাবা জামাল মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন হানিফের শ্বশুর খোরশেদ মোল্লা, শ্যালক আরিফ মোল্লা, শ্যালকের বন্ধু দেলোয়ার হোসেন, স্ত্রী নুরজাহান আক্তার ও শাশুড়ি রহিমা বেগম। এর মধ্যে শ্বশুর ও শ্যালক আদালতে জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন।

জবানবন্দিতে বলা হয়, সাত বছর আগে হানিফের সঙ্গে খোরশেদের মেয়ে নুরজাহানের বিয়ে হয়। কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই বছর ধরে স্ত্রী বাবার বাড়িতে ছিলেন এবং হানিফের বিরুদ্ধে পারিবারিক মামলাও দায়ের করেন। হানিফ যখন শুনলেন তাঁর তিন বছরের মেয়ে হাবিবার শারীরিক অবস্থা খারাপ, তখন তিনি দেখতে যান। কিন্তু এর আগেই খোরশেদ ছুরি নিয়ে তাঁর জন্য ওঁত পেতে ছিলেন। ঘটনার কিছুটা মোবাইলে ধারণ করেন হানিফ নিজেই। পরে উত্তেজনার একপর্যায়ে শ্বশুর, শ্যালক ও তার বন্ধু মিলে হানিফকে ছুরিকাঘাতে হত্যা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর খোরশেদের ঘরে তল্লাশি চালিয়ে একটি ছুরি ডাইনিং টেবিলের নিচ থেকে এবং আরেকটি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করা হয়।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।