খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
যা এতদিন ছিল গুঞ্জন, এবার সেটাই সত্যি হলো আর্জেন্টিনার জাতীয় দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রিগো ডি পল পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে তাকে স্বাগত জানাতে প্রস্তুত পুরোনো সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি, যার সঙ্গে গড়ে উঠতে যাচ্ছে নতুন এক ক্লাবজুটির রসায়ন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চার বছরের চুক্তিতে ডি পল ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন, যার মানে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে দেখা যাবে এমএলএস মাতাতে।
যদিও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত, তবে স্পেনের ক্লাবটির প্রাক-মৌসুম অনুশীলনে অনুপস্থিত থেকে ডি পল এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের সিদ্ধান্তের পেছনে শুধু পেশাদার বিবেচনাই নয়, ছিল ব্যক্তিগত জীবনের আরাম ও বন্ধুত্বের টান।
মেসির পাশাপাশি ইন্টার মায়ামিতে আছেন লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো সাবেক বার্সেলোনা সতীর্থরাও। ডি পলের জন্য যেন এটা একটা দ্বিতীয় আর্জেন্টাইন পরিবার হয়ে উঠেছে।
অ্যাটলেটিকোর হয়ে এখনও নিয়মিত প্রথম একাদশে খেললেও, ডি পল পেশাদার সিদ্ধান্ত নিয়েই ভিন্ন পথে হাঁটলেন। তার রিলিজ ক্লজ ছিল ১৫ মিলিয়ন ইউরো, কিন্তু ইন্টার মায়ামি পুরো অর্থ দিতে রাজি ছিল না। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে কিছুটা কম অর্থেই চুক্তি সম্পন্ন হয়, যদিও নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি।
২০১৪ সালে রেসিং ক্লাবে ক্যারিয়ার শুরু করা ডি পলকে ফেরানোর চেষ্টা করেছিল ক্লাবটি। তবে সেই সম্ভাবনা আপাতত স্থগিত, ২০২৬ বিশ্বকাপের পর সেই স্বপ্ন বাস্তব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সৌদি প্রস্তাব ফিরিয়ে মায়ামি বেছে নেওয়া
সৌদি আরব থেকেও পেয়েছিলেন মোটা অঙ্কের প্রস্তাব, যা কোচিং স্টাফেরও সমর্থন পেয়েছিল। কিন্তু ডি পল আন্তর্জাতিক প্রতিযোগিতা, জীবনযাত্রার মান এবং ঘনিষ্ঠ বন্ধুদের কথা বিবেচনা করে মায়ামিকেই বেছে নিয়েছেন।
জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিনের সফল অংশীদারিত্বের পর মেসি-ডি পল জুটি এবার একই ক্লাবে। শুধু দেশের হয়েই নয়, এবার ক্লাব ফুটবলেও বাজবে সেই আর্জেন্টাইন সিম্ফনি, যার কেন্দ্রে থাকবেন লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল।
খবরওয়ালা/টিএস