মেসির পেনাল্টি মিস, শার্লটের কাছে বিধ্বস্ত মায়ামি

লিওনেল মেসির পেনাল্টি মিসের দিনে বড় পরাজয়ের শিকার হয়েছে ইন্টার মায়ামি। ইদান তোকলোমাতির দুর্দান্ত হ্যাটট্রিকে শার্লট এফসির কাছে ৩-০ গোলে হেরেছে তারা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে প্রতিপক্ষের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও মায়ামি শার্লটের সঙ্গে প্রায় সমানে সমান লড়াই করেছে। ৫৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১০টি শটের মধ্যে ৪টি গোলে রাখতে পারে মায়ামি। অন্যদিকে, শার্লটেরও ১০টি শটের মধ্যে ৪টি লক্ষ্য বরাবর ছিল। শার্লটের পক্ষে তোকলোমাতি তার পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন।

এছাড়াও, ১৯৯৮ সালের পর এমএলএসের প্রথম কোনো ২১ বছর বা তার চেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ডও গড়েন তিনি।

ম্যাচটিতে ইন্টার মায়ামিই প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ষষ্ঠ মিনিটে জর্দি আলবার নেওয়া শটটি শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান কাহলিনা ঠেকিয়ে দেন। এরপর ৩২ মিনিটে পেনাল্টি পাওয়ার আগ পর্যন্ত মায়ামি চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু স্পটকিকে মেসির পানেনকা শট নেওয়ার কৌশল শার্লট গোলরক্ষক আগেই বুঝতে পেরেছিলেন এবং কোনো দিকে না ঝাঁপিয়ে আলবিসেলেস্তে তারকার শটটি আটকে দেন।

এর দুই মিনিট পরেই প্রতি-আক্রমণ থেকে স্বাগতিকরা ম্যাচে লিড নেয়। প্রথমবার স্কোরবোর্ডে নাম তোলেন ইসরায়েলি স্ট্রাইকার তোকলোমাতি।

তিনি সেখানেই থামেননি, দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল করে শার্লটকে এগিয়ে দেন। তাকে শট বাড়ান উইলফ্রাইড জাহা। আবার তারই সৌজন্যে ৮৪ মিনিটে পেনাল্টি পায় শার্লট, যা তোকলোমাতির হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ এনে দেয়। স্পটকিকে কোনো ভুল না করে তিনি ৩-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন। এই পরাজয়ের মাধ্যমে মায়ামি টানা দ্বিতীয় ম্যাচে হারলো।

প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু ছিটিয়ে নিষেধাজ্ঞায় থাকা লুইস সুয়ারেজকে ছাড়াই মাঠে নেমেছিল ফ্লোরিডার এই ক্লাবটি। এমনকি তারা তাদের সর্বশেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়হীন।

অন্যদিকে, এই জয়ের ফলে শার্লট নিজেদের রেকর্ড ভেঙে টানা নবম ম্যাচে জয়লাভ করল।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।