মেসি ও কোচ ছাড়া ইন্টার মায়ামির নাটকীয় জয়

ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে দারুণ এক নাটকীয় ম্যাচের সাক্ষী হলো ফুটবল ভক্তরা। ইনজুরির কারণে লিওনেল মেসি ছিলেন বাইরে, কোচ হাভিয়ের মাশ্চেরানোও লাল কার্ড দেখে সাইডলাইন ছাড়েন। তবু প্রতিকূলতাকে জয় করে টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাল ইন্টার মায়ামি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। টাইগ্রেসের ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হাতে বল লাগলে পেনাল্টি পান লুইস সুয়ারেজ। স্পট কিক থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন উরুগুইয়ান তারকা।

তবে প্রথমার্ধেই বিপাকে পড়ে দলটি। সহখেলোয়াড় তেলাসকো সেগোভিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে চোট পান জর্দি আলবা। বিরতির পর আর মাঠে নামতে পারেননি স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক নাটকীয় ঘটনা ঘটে। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড পান কোচ মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী ভিআইপি আসন থেকে খেলা দেখলেও ফোনে সহকারী কোচকে কৌশল জানাতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে। ফলে সেমিফাইনালে তিনি ডাগআউটে থাকতে পারবেন না।

৬৭তম মিনিটে মেসির সতীর্থ আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই সমতা। আরেকটি হ্যান্ডবলের সুযোগে আবারো পেনাল্টি পায় মায়ামি। আবারও সফল সুয়ারেজ। এই গোলে লিড পুনরুদ্ধার করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ২০২৩ সালের চ্যাম্পিয়নরা।

এখন সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার জয়ী দল। মেসি ফিরতে পারবেন কি না, কিংবা কোচ মাশ্চেরানো সাইডলাইনে দাঁড়াতে পারবেন কি না—এসব অনিশ্চয়তা থাকলেও সুয়ারেজদের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।