মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

মৌরিতানিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

নৌকাডুবির ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। যাত্রীরা নৌকা থেকে রাজধানী নোয়াকশটের প্রায় ৫০ মাইল (৮০ কিমি) উত্তরে একটি উপকূলীয় শহরের আলো দেখতে পান। আলো দেখে যাত্রীরা নৌকার এক পাশে হুড়োহুড়ি করে জমায়েত হন। এতে নৌকাটি উল্টে যায় বলে কোস্টগার্ড-প্রধান মোহামেদ আবদাল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন।

আবদাল্লাহ বলেন, ‘যখন অভিবাসীরা মেহিজরাত শহরের আলো দেখেছিলেন, তারা সবাই নৌকার একদিকে চলে যান, যার ফলে নৌকাটি উল্টে যায়।’

ধারণা করা হচ্ছে, নৌকাটি গাম্বিয়া থেকে প্রায় এক সপ্তাহ আগে ছেড়ে এসেছিল। এতে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে সেনেগাল ও গাম্বিয়ার নাগরিকরাও ছিলেন।

প্রথমে নিহতের সংখ্যা ৪৯ জন বলে জানানো হয়েছিল। পরে সরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৯ জনে। কোস্টগার্ডের একটি টহল দল সমুদ্র থেকে ১৭ জন জীবিতকে উদ্ধার করে।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দেওয়ার বিপজ্জনক সমুদ্রযাত্রায় হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাব অনুযায়ী, কেবল ২০২৪ সালেই সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টায় অন্তত ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন।

যারা মৌরিতানিয়ার মধ্য দিয়ে যাত্রা করেন, তারা সাধারণত পার্শ্ববর্তী দেশ সেনেগাল ও মালি থেকে আসেন এবং ইউরোপে পৌঁছাতে চান। কিন্তু সাগরের প্রবল স্রোত এবং দুর্বল নৌযান দীর্ঘ যাত্রাকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে।

সূত্র: দ্য গার্ডিয়ান
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।