খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 19শে অগ্রহায়ণ ১৪৩২ | ৩ই ডিসেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র প্রতিনিধিদের পাঁচ ঘণ্টার বৈঠকেও ইউক্রেনে শান্তিচুক্তি নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র জানান, মস্কো বৈঠকটি গঠনমূলক হলেও রাশিয়ার জন্য কিছু প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি।
এই বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাই জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন। কয়েক সপ্তাহের কূটনৈতিক প্রচেষ্টার পর অনুষ্ঠিত হয় এ সভা। তবে আলোচনা শেষে মার্কিন দল মস্কো ত্যাগ করার সময় কোনো মন্তব্য করেনি।
বৈঠকের আগে পুতিন জানান, কিয়েভ ও ইউরোপের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র–সমর্থিত শান্তি পরিকল্পনার প্রস্তাবিত পরিবর্তনগুলো রাশিয়ার পক্ষে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইউরোপ যদি যুদ্ধ করতে চায়, রাশিয়া প্রস্তুত। গত নভেম্বর ফাঁস হওয়া পরিকল্পনাটি রাশিয়ার জন্য সুবিধাজনক মনে করা হলেও পরে এতে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।
মস্কো বৈঠক শেষে প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে পুতিনের সহকারী ইউরি উশাকভ বলেন, ক্রেমলিন কিছু বিষয়ে একমত হলেও কিছু প্রস্তাব সমালোচিত হয়েছে। তিনি জানান, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা তৈরি হয়নি এবং অনেক কাজ বাকি। মস্কো–কিয়েভের মূল বিরোধ, বিশেষ করে ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার প্রশ্ন ও ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অবস্থান অপরিবর্তিত রয়েছে।
আলোচনার আগে পুতিন ইউরোপীয় নেতাদের সমালোচনা করেন, যারা ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রায় হামলার পর কিয়েভকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ইউরোপ ভুল ধারণায় আছে যে রাশিয়াকে কৌশলগত পরাজয় দেওয়া সম্ভব। তবে রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না; তবু যুদ্ধ হলে তারা প্রস্তুত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি আশা করছেন মস্কো বৈঠকের বিষয়ে মার্কিন দল তাকে অবহিত করবে। তবে উইটকফ ও কুশনার কিয়েভ বা অন্য কোনো ইউরোপীয় শহরে আলোচনা চালাবেন কি না, তা স্পষ্ট নয়।
আইরিশ সফরে থাকা অবস্থায় জেলেনস্কি বলেন, এখন যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে, তবে কিছু প্রস্তাব এখনো আলোচ্য। তিনি জানান, শান্তির কোনো সহজ সমাধান নেই এবং ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা ও ন্যাটো সদস্যপদপ্রাপ্তির দাবিতে অটল—যা রাশিয়া ও ট্রাম্প দু’পক্ষই প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, যুদ্ধ এমনভাবে বন্ধ করতে হবে যাতে রাশিয়া এক বছর পরে ফিরে আসতে না পারে।
গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় প্রতিনিধিরা প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে দুই দফা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, যেখানে উইটকফ, কুশনার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেন। হোয়াইট হাউস জানায়, পরিকল্পনাটি সংশোধন করা হয়েছে, তবে হালনাগাদ সংস্করণের বিস্তারিত এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে, পুতিন পূর্ব ইউক্রেনের অঞ্চলগুলোতে তার দাবিতে অটল রয়েছেন। এদিকে ট্রাম্পও ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠকে বলেন, এই সংঘাত সমাধান সহজ নয়।
সূত্র : বিবিসি
খবরওয়ালা/টিএসএন