খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন হস্তক্ষেপ ‘বিপজ্জনক উত্তেজনার’ জন্ম দিতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে মন্তব্য করেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে। খবর বিবিসির।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে তা গোটা অঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে।’
এই সংকটে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিপরীত পক্ষকে সমর্থন করছে—যুক্তরাষ্ট্র ইসরায়েলকে, আর রাশিয়া ইরানকে।
এ দিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলার পাশাপাশি সামরিক হামলার হুমকি দিয়েছেন।
অন্যদিকে ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বছরের শুরুতে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার কথা বলা হয়।
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তেহরানে অনেক শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে “উসকানিমূলক” পদক্ষেপ বলে অভিহিত করেছে।
রাশিয়ার উপ–পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সামরিক সহায়তা জোগায়, তাহলে তা পুরো পরিস্থিতিকে নাটকীয়ভাবে অস্থিতিশীল করে তুলবে।’
বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি সংঘাতের পথ তৈরি করছে, এবং ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন-রাশিয়া সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।
খবরওয়ালা/আরডি