রবিবারের এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ৯ জন, অনুপস্থিত ১১ হাজার ৭৮১

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের পরীক্ষায় সারাদেশে মোট ১১ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একইদিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

জানা গেছে, এদিন অর্থনীতি ২য় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) ২য় পত্র, ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান ২য় পত্র, তাজভিদ (মুজাব্বিদ-মাহির), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং লাইফ স্কিল ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০০টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হলেও তথ্য পাওয়া গেছে ১ হাজার ৫৫৮টি কেন্দ্র থেকে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নেয় ৩ লাখ ৫৮ হাজার ৯৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭৮১ জন এবং বহিষ্কার হন ৯ জন।

ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি—১ হাজার ৪১৮ জন। এরপর কুমিল্লা বোর্ডে ৬১৬, যশোরে ৪০৯, রাজশাহীতে ৪৬৫, ময়মনসিংহে ৩৯৫, দিনাজপুরে ৪৮৫, সিলেটে ৭১২, চট্টগ্রামে ১ হাজার ২৮ এবং বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ১৬৩ জন।

এদের মধ্যে সর্বোচ্চ অনুপস্থিতির হার কুমিল্লা বোর্ডে—২ দশমিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন বরিশালে—০ দশমিক ৮৮ শতাংশ।

মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ১১১ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৮৬ জন এবং বহিষ্কার হয়েছেন ৫ জন। এই বোর্ডে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি—৬ দশমিক ১১ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৩৩২ জন। অংশগ্রহণ করেছেন ৫৫ হাজার ৩২৬ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬ জন, যা ১ দশমিক ৭৯ শতাংশ। এই বোর্ডে কেউ বহিষ্কৃত হননি।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গত ২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।